দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা মিত্র মহাবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা রানী বিশ্বাস সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলশেখালী গ্রামের বাসিন্দা। তিনি গনেশ সরকারের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সদর উপজেলার মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজ করতে যাচ্ছিলেন মুক্তা রানী। গোবরা বাজারে পৌঁছানোর পর সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে করে তাঁরা মুশুড়িয়ার উদ্দেশে রওনা হন।
পথে গোবরা মিত্র মহাবিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন মুক্তা রানী। ধাক্কা দেওয়া মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাঁকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/